ডাকসু-newsedge24

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রথম দিনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২ জন কেন্দ্রীয় সহ-সভাপতি (ভিপি), ১ জন আন্তর্জাতিক সম্পাদক এবং ৪ জন কেন্দ্রীয় সদস্য পদের জন্য ফরম নিয়েছেন। সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সজীব হোসেন (২০১৮-১৯ সেশন), যিনি কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কার্যালয়ে গিয়েছেন। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, “আজকের দিনে দুজন সহ-সভাপতি, একজন আন্তর্জাতিক সম্পাদক এবং চারজন সাধারণ সদস্য পদপ্রার্থী ফরম নিয়েছেন।” সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের আগ পর্যন্ত যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাকেই ভোটার তালিকা থেকে বাতিল করা হবে। জুলিয়াসের বিরুদ্ধে প্রমাণ থাকলে তিনিও বাদ পড়বেন। চূড়ান্ত ভোটার তালিকায় কেউ ঘাপটি মেরে থাকতে পারে, তাই প্রয়োজনে শেষ দিন পর্যন্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে।”

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম সংগ্রহ বা জমা দেওয়া নিষিদ্ধ।

ভোটার তালিকা

গত ৩০ জুলাই ২০২৫ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়, যাতে মোট ভোটার ছিল ৩৯,৯৩২ জন (ছাত্র ২০,৯০৪ জন, ছাত্রী ১৯,০২৮ জন)। ১১ আগস্ট ২০২৫ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ১৫৭ জন বাদ পড়ায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৭৭৫ জন (ছাত্র ২০,৮৭৩ জন, ছাত্রী ১৮,৯০২ জন)। ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের সব হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বার প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম তালিকায় থাকলে, তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের নাম বাদ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *