ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ডিআইজি মো. শফিকুল ইসলাম। অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) পদমর্যাদা থেকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়নের ঘোষণা দেওয়া হয়।
মো. শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের একজন সদস্য। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৯ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন।
আরও পড়ুন: ডিবি প্রধান রেজাউল করিমকে সরিয়ে সদর দপ্তরে সংযুক্ত করা হলো
কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে কাজ করেন। ২০০২ সালে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে বদলি হয়ে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন এবং দেশে ফিরে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে কাজ করেন। ২০২১ সালে তিনি নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং পরবর্তীতে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































