রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল করার সময় ১১ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে থেকে মিছিল শুরু করলে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) এবং বাদশা মিয়া (৫৫)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ১৫-২০ জন যুবক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে ময়লার ডিপোর সামনে থেকে মিছিল শুরু করে। এ সময় তারা নানা স্লোগান দিয়েছে। তবে মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের মধ্য থেকে ১১ জনকে আটক করে নিয়ে যায়।
আরও পড়ুন: শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা নির্বাচনে ভোট দিতে পারবে না
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে আটক করেছি। তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে—তা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































