বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তির পর থেকে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে আছেন। সোমবার সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিত্সক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিত্সা চলছে। খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।” এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, “উনার চেস্টে (বুকে) ইনফেকশন হয়েছে। চেস্টে ইনফেকশন হওয়ায় একসঙ্গে উনার হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে। আমরা খুব দ্রুত উনাকে হাসপাতালে এনেছি। তাৎক্ষণিকভাবে দ্রুত যে পরীক্ষাগুলো করা দরকার, সেগুলো করে জরুরি যে চিকিত্সা দরকার সেটা দিয়েছি। এই মুহূর্তে উনি সর্বোচ্চ চিকিত্সা এবং পর্যবেক্ষণের মধ্যে আছেন।”
আরও পড়ুন: সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক
উল্লেখ্য, সর্বশেষ গত ১৫ অক্টোবর এক দিনের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সে সময়ও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিত্সার জন্য লন্ডনে যান তিনি। চিকিত্সা শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































