প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন। শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের দুই সদস্য—সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে প্রফেসর আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার কমিশনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারিত রয়েছে। এছাড়া, সংস্কার বিষয়ে জনমত যাচাই ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ড. ইউনূস জোর দিয়ে বলেন, ডিসেম্বরে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ত্বরান্বিত করতে হবে এবং সামগ্রিক সংস্কার প্রক্রিয়ায় গতি আনতে হবে। তিনি সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































