সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের গত ৭ মে ২০২৫ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমনের ঘটনা তদন্তে সরকার উচ্চপর্যায়ের তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। রোববার (১১ মে ২০২৫) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
কমিটির অন্য দুই সদস্য হলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে নিম্নলিখিত বিষয়গুলো পর্যালোচনা করা:
১. ৭ মে ২০২৫ তারিখে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন।
২. এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় বা গাফিলতি ঘটেছে কি না।
৩. কারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ পেশ করা।
কমিটিকে তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল দলিলপত্র, যন্ত্রপাতি, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। সকল সংশ্লিষ্ট সংস্থাকে কমিটির নির্দেশনা মেনে চলতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদের পর ছাড়পত্র দেন, কারণ তার বিরুদ্ধে কোনো আইনি নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। তিনি চিকিৎসার কারণে বিদেশ গমন করেছেন বলে জানানো হয়।
এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জের পুলিশ সুপার এবং পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































