পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী ৭ জুন (শনিবার) সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম মসজিদে ঈদের দিন পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, এবং পরবর্তী জামাতগুলো সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, রাজধানীর বাইরের প্রসিদ্ধ মসজিদ এবং বৃহত্তর জেলাগুলোর প্রধান জামাতের সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি চ্যানেলের মাধ্যমে জানানো হবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































