সাবেক প্রেসিডেন্ট মো আবদুল হামিদ-newsedge24

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা এই প্রবীণ রাজনীতিবিদ গতকাল রোববার (৮ জুন) দিবাগত রাত পৌনে দুইটার দিকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে (টিজি ৩৩৯) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আনুমানিক তিনটার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তিনি শার্ট ও লুঙ্গি পরিহিত ছিলেন এবং হুইলচেয়ারে করে তাকে নামানো হয়।

ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানায়, আবদুল হামিদের সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং শ্যালক ডা. আ ন ম নওশাদ খান। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ গণমাধ্যমকে জানান, “আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরেছেন, কোনো প্রটোকল চাননি।”

উল্লেখ্য, গত ৮ মে দিবাগত রাত তিনটার দিকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে (টিজি ৩৪০) চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। তাঁর দেশত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলির ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের নাম রয়েছে। এ ঘটনায় তাঁর দেশত্যাগের বিষয়ে তদন্তের জন্য সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে।

আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন, যিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *