রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে জুলাই সনদ তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দ্বিতীয় দফার নবম দিনের মতো দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে। সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়।
আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আজকের আলোচনায় অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
কমিশন সূত্র জানায়, আজকের বৈঠকে পূর্বের অমীমাংসিত বিষয়গুলোতে আরও আলোচনার পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এবং জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে আলোচনা হবে।
আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে, অন্যদের কী পরিমাণ আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এ পর্যায়ে এসেছি, সেটা আমাদের স্মরণ রাখতে হবে। হাজারো মানুষের আত্মত্যাগই আমাদের দিক নির্দেশক।” তিনি আরও বলেন, “৫৩ বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। অনেক অন্যায়, অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে এ সুযোগ পাওয়া গেছে। এটি হেলায় হারানো যাবে না।”
গতকাল বুধবার অষ্টম বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছিলেন, আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, “এভাবে আলোচনা এগোলে এ মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে।”
এই আলোচনা দেশের রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জুলাই সনদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরির প্রত্যাশা করা হচ্ছে।
তথ্যসুত্র- বাসস














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































