ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৮ জুলাই, ২০২৫) থেকে ৫ দিন মেয়াদে দেশের সব মোবাইল গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। বিটিআরসি-এর প্রস্তাবে দেশের সব মোবাইল অপারেটর স্বেচ্ছায় এই উদ্যোগে যোগ দিয়ে গ্রাহকদের ফ্রি ডেটা প্রদান করছে।
বিটিআরসি অপারেটরদের নির্দেশ দিয়েছে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে ফ্রি ডেটার তথ্য পৌঁছে দিতে, যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করে ৫ দিনের জন্য ১ জিবি ফ্রি ডেটা পাওয়া যাবে। কোডগুলো হলো:
- গ্রামীণফোন: *১২১*১৮০৭#
- বাংলালিংক: *১২১*১৮০৭#
- রবি: *৪*১৮০৭#
- টেলিটক: *১১১*১৮০৭#
আরও পড়ুন: ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা
প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর ১৭ জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুঠোফোন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়, ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। এই ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে গণ-অভ্যুত্থানের স্মৃতিতে এই ফ্রি ডেটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































