কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বেলা সোয়া ১২টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি সিমেন্টবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়লে দুটি প্রাইভেটকার এবং একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে। এতে একই পরিবারের চারজন নিহত এবং অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় নিহত চারজনই একই পরিবারের সদস্য, কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ওমর আলী (৮০) মোহাম্মদ ওমর আলীর স্ত্রী নুরজাহান বেগম (৬৫) তাদের ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। অটোরিকশার তিন আহত যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় একটি যাত্রীবাহী বাস উল্টো পথে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় ঢাকামুখী লেনে আসা সিমেন্টবাহী লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং কাত হয়ে পড়ে। লরিটি বাসের পিছনে থাকা একটি প্রাইভেটকার এবং একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উল্টে যায়। এতে প্রাইভেটকারের চার আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন, এবং অন্য একটি প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩
উদ্ধারকারী পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনাটি দুপুর সাড়ে ১২টায় ঘটে। হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুপুর আড়াইটা পর্যন্ত লরিটি সরানো সম্ভব হয়নি, ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধার কাজ শেষ পর্যায়ে। উদ্ধার কাজ শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।” তিনি নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন, তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহতরা লাকসামের দিকে যাচ্ছিলেন। ইউটার্নে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































