বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি।
দোয়ায় অংশ নিতে বিকেলে মসজিদে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তার মা ও দলের চেয়ারপারসনের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় নারীদের পৃথক নামাজের স্থান থেকে দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানসহ পরিবারের সদস্য ও স্বজনেরা।
আজাদ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ।
উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
আরও পড়ুন: তিনি শুধু আমার মা ছিলেন না, সমগ্র জাতির মা ছিলেন: তারেক রহমান
খালেদা জিয়ার মৃত্যুতে আজ শুক্রবার দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। জুমার দিন হওয়ায় দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। জুমার নামাজের পর সব মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































