তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের সকল মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই, নির্ধারিত তারিখেই ভোট অনুষ্ঠিত হবে।
রোববার (১৮ জানুয়ারি) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ও জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করতে সংস্কার অপরিহার্য। শাসকগোষ্ঠীর অপরিবর্তনীয় অবস্থানের পরিবর্তন ঘটাতে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
একই দিনে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এই গণভোটের মাধ্যমে ক্ষমতার মালিকানা জনগণের হাতে তুলে দেওয়া হবে। জুলাই সনদের সুপারিশগুলোকে সহজ ও স্পষ্ট প্রশ্ন আকারে উপস্থাপন করা হচ্ছে, যাতে জনগণ সরাসরি মতামত দিতে পারে।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সব কাগজপত্র চীনে পাঠানো হয়েছে। চীনা বিশেষজ্ঞরা এখন সেগুলো যাচাই-বাছাই করছেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে তিস্তা পরিদর্শন করা হবে। এই মেগা প্রকল্পের কাজ চীনের অনুমোদন পেলেই শুরু হবে।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার আগে গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে বেলুন উড়িয়ে উৎসাহ প্রদর্শন করা হয় এবং স্থানীয় নাগরিক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সফরের অংশ হিসেবে নীলফামারীতে এসে সাঈদপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং গণভোটের প্রচারণাকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































