বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি স্থানীয়ভাবে কোদাল দিয়ে খাল কেটে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সাহাপাড়া খাল পুনঃখননের ফলে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ উপকৃত হবেন। খাল খননের মাধ্যমে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা, শুষ্ক মৌসুমে সেচ সুবিধা, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। এলাকাবাসী এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১৯৭৭ সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সাহাপাড়া খাল কেটেছিলেন, আজ তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খালের পুনঃখনন কাজের সূচনা করলেন।
আরও পড়ুন: নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র শক্তিশালী হয় না: প্রধানমন্ত্রী
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। এছাড়া সুধী সমাবেশে অংশ নেবেন এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেবেন। এদিন সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোলের উদ্দেশে রওনা দেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































