ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ-newsedge24

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বন্ধুপ্রতিম দেশ ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই ওষুধ ও চিকিৎসা সরঞ্জামগুলো ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সকালে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন:পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব  ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের আহত জনগণের চিকিৎসার জন্য জরুরি ওষুধ ও সরঞ্জাম ক্রয়ের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান প্রদান করেছিলেন। সেই অনুদানের মাধ্যমেই এই সামগ্রীগুলো সংগ্রহ করা হয়েছে।

 অনুষ্ঠানে সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যে চলমান প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে জানান, “বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে।” তিনি আশা প্রকাশ করেন যে, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই বর্তমান সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।

ইরানি রাষ্ট্রদূত এই দুঃসময়ে বাংলাদেশের সহমর্মিতার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *