সংবাদ সম্মেলনে বিএনপি জানিয়েছে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। একই সঙ্গে সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলের পক্ষে তখন সেই সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা থাকবে না বলেও জানিয়েছে দলটি।
ঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এর আগে সোমবার (১০ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত জানাতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছরব্যাপী আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ।’
বিএনপির এই অবস্থানের পটভূমিতে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক চলছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১৩ নভেম্বর যদি দলগুলো ঐক্যমতে না পৌঁছায় তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে। বিএনপি সহ ২৫টি দল ১৭ অক্টোবর সনদে স্বাক্ষর করেছে, কিন্তু রেফারেন্ডামের সময় নিয়ে মতভেদ রয়েছে। বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































