গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য নিশ্চিত করেন।
প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন হাদীর ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা, ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন। সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। হামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত গ্রেপ্তারে সক্রিয়।
হাদীর বোন মাসুমা বলেন, “সে ছোটবেলা থেকে দেশপ্রেমিক, বিপ্লবী। বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসতো। তার ১০ মাসের সন্তান আছে। ওকে বাঁচাতে হবে। জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করুন।”
ইনকিলাব মঞ্চের নেতা জাবের বলেন, “হাদী বাসায় ফিরে যায়নি, জুলাই বিপ্লবের জন্য কাজ করেছে। হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করুন।” ফাতিমা তাসনিম জুমা জুলাইযোদ্ধাদের সার্বিক নিরাপত্তার দাবি জানান।
আরও পড়ুন: হাদীকে গুলি করা এক হামলাকারীর শনাক্ত, তথ্য চেয়ে ডিএমপির অনুরোধ
শুক্রবার দুপুরে বিজয়নগরে প্রচারণার সময় হাদীকে গুলি করা হয়। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। ডিএমপি হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































