ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ জন পুলিশ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এই ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩ (গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত করা হয়েছে। বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন, এবং এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকা
বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার।
- মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা।
- সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা।
- রিফাত রহমান শামীম, সাবেক যুগ্ম-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; বর্তমানে অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ।
- কাজী আশরাফুল আজীম, পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ; সাবেক উপ-পুলিশ কমিশনার, ডিএমপি।
- হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা।
- সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ; বর্তমানে ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী।
- মো. আসাদুজ্জামান, সাবেক পুলিশ সুপার, ঢাকা জেলা; বর্তমানে পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা।
- মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত ডিআইজি, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি।
- মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)।
- শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী।
- আয়েশা সিদ্দিকা, পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী।
- রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার।
- মির্জা সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
- মো. হাবিবুল্লাহ দালাল, সহকারী পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
- রাশেদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল।
- মো. মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা।
- মো. আবু মারুফ হোসেন, সাবেক উপ-পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর; বর্তমানে এটিইউ, ঢাকা।
- মহা. আশরাফুজ্জামান, ডিআইজি (কমান্ড্যান্ট)।
আরও পড়ুন: পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কর্মকর্তারা কর্মস্থলে আর যোগ দেননি। গুঞ্জন রয়েছে, তাঁদের কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ রয়েছে, যার মধ্যে ১৩০ বিঘা জমি ও ২১টি ব্যাংক হিসাব জব্দের আদেশ এবং ১৭ কোটি ৫১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অন্তর্ভুক্ত।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































