বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু রহস্য উদ্ঘাটনে নতুন তথ্য সামনে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঘটনার দিন তারা তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকায় কথা বলছিলেন। হঠাৎ কয়েকজন তাদের পেছনে ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি নিজে পালিয়ে যান।
দীপ দাবি করেছেন, যারা তাদের তাড়া করেছিলেন তারা পুলিশের লোক ছিলেন। তার এই বক্তব্যের সত্যতা যাচাই করছে পিবিআই। একই সঙ্গে তাহসিফের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করে পিবিআই। সংস্থার কর্মকর্তাদের ধারণা, মোটরসাইকেলটি তাহসিফের হতে পারে।
পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ শুক্রবার জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের কি না তা যাচাই করা হচ্ছে। মোটরসাইকেলটি উত্তরখান থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশকে তদন্তে সহায়তা করছে পিবিআই।
আরওপড়ুন: আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফ সৌরির বাবা
দীপকে নিয়ে গতকাল রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পিবিআই। কর্মকর্তারা বলছেন, রাজবাড়ী ঘাট এলাকা মাদক কারবারিদের আনাগোনায় পরিচিত। তাদের অনুমান, মাদক কারবারিদের ধাওয়ার মুখে পড়ে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যেতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে দীপের বক্তব্যসহ অন্যান্য তথ্য যাচাই চলছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। এর আগের দিন সন্ধ্যায় বাসা থেকে বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে বেরিয়েছিলেন তিনি। এরপর আর বাসায় ফেরেননি তাহসিফ।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































