ঢাকা, ২১ এপ্রিল ২০২৫: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল তাকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে, অব্যাহতির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টার সম্মতিক্রমে ৮ এপ্রিল থেকে মোয়াজ্জেম হোসেনেকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরের দক্ষিণপাড়া গ্রামে। তার পিতার নাম মো. আজিজার মন্ডল এবং মাতার নাম আনোয়ারা বেগম।
উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট মোয়াজ্জেম হোসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস হিসেবে নিয়োগ পান। নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, আসিফ মাহমুদ যতদিন উপদেষ্টার পদে থাকবেন অথবা মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে মোয়াজ্জেম হোসেনের পদত্যাগের বিষয়টি গত ১৭ এপ্রিল এক্স প্ল্যাটফর্মে আলোচনায় এসেছিল, তবে এ বিষয়ে প্রজ্ঞাপনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































