অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ‘আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫’-এ যোগ দিতে বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে। এই সফরে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার জানান, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশি সেনাসদস্যরা কর্মরত রয়েছেন। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিত সেনাসদস্য নিতে আগ্রহী। বর্তমানে প্রতি তিন বছরে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে, তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। আগামী দুই মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
২২ ও ২৩ এপ্রিল দোহায় অনুষ্ঠিত এই সম্মেলনের প্রতিপাদ্য ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার আয়োজিত এই সম্মেলনে টেকসই উন্নয়ন, ঐতিহ্যবাহী জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয় নিয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং চার জাতীয় নারী ক্রীড়াবিদ—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা, ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
সফরে ব্যবসা, জ্বালানি সহযোগিতা, ভিসা উন্মুক্তকরণ এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক একটি সেমিনারেও নেতৃত্ব দেবেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































