স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না-newsedge24

২২ এপ্রিল ২০২৫: স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না। কারও কিছু বলার থাকলে আইনের আশ্রয় নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নত।’ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে যশোর জেলা প্রশাসনের সভাকক্ষ অমিত্রাক্ষরে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি। যত দ্রুত সম্ভব এসব অস্ত্র উদ্ধার করতে হবে।’ জামিনে দাগি সন্ত্রাসীদের মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘অনেক বড় সন্ত্রাসী জামিনে মুক্তি পাচ্ছে। আমাদের আরও সতর্ক হতে হবে। জামিনের বিষয়টি আমাদের হাতে নেই, জজরা বিচার-বিবেচনা করে জামিন দিচ্ছেন।’ তিনি এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটরদের (পিপি) দৃষ্টি আকর্ষণ করেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা অরাজনৈতিক সরকার। চাকরির পোস্টিংসহ বিভিন্ন ক্ষেত্রে তদবির এড়ানোর চেষ্টা করছি। থানার ওসিরা যেন ঘুষ না নেয়, সেটা আপনারা নিশ্চিত করবেন।’ তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমার বন্ধু-আত্মীয়ের সংখ্যা বেড়ে গেছে। কেউ আত্মীয় পরিচয়ে সুবিধা নিতে এলে প্রথমবার চা খাইয়ে বিদায় করবেন, দ্বিতীয়বার পুলিশে সোপর্দ করবেন। কোনো অনুরোধ থাকলে আমি নিজে ফোন করব।’

মাদক সমস্যা প্রসঙ্গে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘মাদক দেশের সবচেয়ে বড় সমস্যা। ১৫ হাজার বোতল ফেনসিডিল ছেড়ে দিয়ে ৫০০ বোতল উদ্ধার দেখানো বন্ধ করতে হবে।’

সভায় যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান ও স্বচ্ছ প্রশাসনের ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *