সচিবালয়ে কোরবানির ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তিনি বলেন, “তদন্ত শেষ না হওয়ায় তিনি নিরপরাধ কি না, তা এখনো স্পষ্ট নয়। এই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছেড়ে দিলে আপনারাই প্রশ্ন তুলবেন, কেন ছাড়া হলো।”
নিরীহ মানুষের হয়রানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা বারবার বলেছি, নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। শুধু দুষ্কৃতিকারীরা আইনের আওতায় আসুক এবং শাস্তি পাক। কোনো নিরীহ ব্যক্তি যেন ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে আমরা সতর্ক।”
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে, যিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চেয়েছিলেন, তিনি বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারি না। এই অবস্থায় ছেড়ে দিলে আপনারাই বলবেন, কেন ছাড়া হলো?”
উল্লেখ্য, গত রোববার (১৮ মে ২০২৫) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































