রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গ-সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ বুধবার (২৮ মে, ২০২৫) বেলা ৩টা ৩৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, এবং সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
সকাল ১০টা থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড, থানা, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। বেলা সাড়ে ১২টার দিকে স্লোগান ও পদচারণায় নয়াপল্টন মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, টি-শার্ট, রঙিন ক্যাপ এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সমাবেশে অংশ নিয়েছেন। মাইকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে গান এবং দেশীয় শিল্পীদের জনপ্রিয় গানের আয়োজন সমাবেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































