জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর নগরীর নিউ সেনপাড়ার স্কাইভিউ বাসভবনে বৃহস্পতিবার (২৯ মে) রাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা বাড়ির বাগানে থাকা একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এবং আরও তিনটি মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন।
জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে জিএম কাদের একটি বিয়ের দাওয়াতে যোগ দিতে ঢাকা থেকে রংপুরে আসেন। রাত পৌনে ৯টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে স্কাইভিউ বাসভবনে হামলা চালায়। হামলাকারীরা মোটরসাইকেলগুলোতে ভাংচুর ও অগ্নিসংযোগের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “জিএম কাদের একটি বিয়ের দাওয়াতে যোগ দিতে রংপুরে এসেছিলেন। এ খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে বাড়িতে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ বলেন, “আমরা রাতে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপিসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিল। তারা হঠাৎ মিছিল নিয়ে জিএম কাদেরের বাড়িতে হামলা চালায়।”
তবে, জাতীয় নাগরিক পার্টির সংগঠক আলমগীর কবির এই হামলার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। তিনি বলেন, “রংপুরে আমাদের কোনো কমিটি নেই। কেউ সেখানে গিয়ে থাকলে সে ব্যক্তিগতভাবে গিয়েছে।”
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































