অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৭ বছর পর বাংলাদেশে সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে, যা হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। গতকাল লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তিনি জানান, নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে, যা ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, “আমরা নিশ্চিত করতে চাই নির্বাচনটি সঠিকভাবে সম্পন্ন হবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন, কারণ এখনই সময়। জনগণ প্রস্তুত।”
তিনি বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি বিষয়ের ওপর নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা হবে। তিনি জানান, নির্বাচনের পর তিনি বা তার উপদেষ্টা পরিষদ কেউই পরবর্তী সরকারের অংশ হতে চান না। তাদের লক্ষ্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।
ড. ইউনূস বলেন, “আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। নির্বাচন কমিশন, সংসদ, সংবিধান, সিভিল সার্ভিস—সবকিছুর সংস্কার প্রয়োজন।” তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, যা সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হবে, যা আসন্ন মাসে চূড়ান্ত হবে। তবে, গণভোটের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের মাধ্যমে এটি কার্যকর করা হবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “তারা হত্যা, গুম, অর্থপাচারের মতো অপরাধে জড়িত। বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ থাকবে।” তিনি জোর দিয়ে বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।
কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে মঙ্গলবার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতে সাংবিধানিক সংস্কারে সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, গণতন্ত্র, সুশাসন, বাণিজ্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কমনওয়েলথ বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।
ড. ইউনূস সংবাদমাধ্যমের স্বাধীনতার কথাও উল্লেখ করেন, বলেন, “সংবাদমাধ্যম এখন অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে।” তিনি শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার বিষয়ে বলেন, “এটি একটি কঠিন সময়ের ঘটনা ছিল, এখন পরিস্থিতি স্থিতিশীল।”



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































