জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও আটজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলা এবং গত মাসের আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ–সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করেছে।
বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন:
- মাসুমা খাতুন, যুগ্ম কর কমিশনার, ঢাকা কর অঞ্চল-২
- মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার, ঢাকা কর অঞ্চল-১৫
- মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার, কুষ্টিয়া কর অঞ্চল
- মোনালিসা শাহরীন সুস্মিতা, যুগ্ম কর কমিশনার, নোয়াখালী কর অঞ্চল
- আশরাফুল আলম প্রধান, যুগ্ম কর কমিশনার, কক্সবাজার কর অঞ্চল
- শিহাবুল ইসলাম, উপকর কমিশনার, খুলনা কর অঞ্চল
- নুশরাত জাহান, উপকর কমিশনার, রংপুর কর অঞ্চল
- ইমাম তৌহিদ হাসান, উপকর কমিশনার, কুমিল্লা কর অঞ্চল
এনবিআর সূত্রে জানা গেছে, গত ২২ জুন জারি করা বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং গত মাসে রাজস্ব খাতে সংস্কারের দাবিতে আন্দোলনে অংশগ্রহণের কারণে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, তাদের এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে বিধিমোতাবেক খোরপোষ ভাতা পাবেন। আদেশে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
আরও পড়ুন: ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি পায়েছে
আন্দোলনের পর শাস্তিমূলক ব্যবস্থা শুরু হয়। এ পর্যন্ত তিনজন এনবিআর সদস্য (আলমগীর হোসেন, হোসেন আহমেদ, আবদুর রউফ) এবং একজন কমিশনার (মো. শাব্বির আহমেদ, বরিশাল কর অঞ্চল) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের তৎকালীন কমিশনার মো. জাকির হোসেনকে কাজ বন্ধ রাখার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনবিআরের দুজন সদস্যসহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসকে অনুপস্থিতি ও দায়িত্ব ত্যাগের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































