জামায়াত আমীরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল-newsedge24

ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে শনিবার রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জামায়াত আমীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও এ সময় উপস্থিত ছিলেন।

হাসপাতালে সাক্ষাতের পর সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালীন সময়ে জামায়াত আমীরের সুস্থ থাকাটা খুবই জরুরি। সমাবেশে তিনি অসুস্থ হয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। উনার সুস্থতার তথ্য জেনে আমরা আশ্বস্ত হয়েছি।” তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তিনি ও তার সঙ্গীরা জামায়াত আমীরকে দেখতে এসেছেন।

জামায়াতের পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দের এই সাক্ষাতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, “জামায়াত আমীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে দোয়া চেয়েছেন।”

তিনি জানান, ডা. শফিকুর রহমান এখন সুস্থ আছেন এবং তার হার্ট ও কিডনি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন: বক্তৃতা দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর

রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলমও ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান। জামায়াত আমীরের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় রাত নয়টায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা.শফিকুর রহমান। একবার উঠে দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেও পুনরায় পড়ে যাওয়ায় তিনি বসে বক্তব্য শেষ করেন। সমাবেশ শেষে তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *