উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত -newsedge24

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ১৭১ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাস্পাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সোমবার (২১ জুলাই ২০২৫) বিকাল পৌনে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের সবার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, হতাহতদের বেশিরভাগই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে জানান, “বিমানটি একটি অ্যাকাডেমিক ভবনের গেটে আছড়ে পড়ে। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল।”

ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে, যখন বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার হল নামক ভবনের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করে জানায়, বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। বিমানে একমাত্র পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “দুপুর ১টা ১৮ মিনিটে আমরা সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।” উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা অংশ নিচ্ছেন। এছাড়া, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সিএমএইচ-এ নেওয়া হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৬০ জনের মধ্যে তানভীর আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, যিনি মাইলস্টোন স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। এ তথ্য বিকাল ৪টায় ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “এই দুর্ঘটনায় বিমানবাহিনী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।” মঙ্গলবার (২২ জুলাই) এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, “মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত।”

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন (০১৯৪৯০৪৩৬৯৭) চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *