বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকার গঠনের জন্য নির্বাচনের আয়োজন করা হবে, যাতে দেশ স্বাভাবিক পথে ফিরে আসতে পারে। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে কুয়ালালামপুরে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে তা নিশ্চিত করতে পেরে আমরা খুশি। আমরা দেশে আইন-শৃঙ্খলা পুনঃস্থাপন করেছি, অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠা করেছি এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য পুনঃপ্রতিষ্ঠা করেছি। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সরকার নির্বাচনের জন্য নির্বাচন করব, যাতে দেশ স্বাভাবিক পথে চলতে পারে।”
তিনি আরও বলেন, গত বছর তরুণদের গণআন্দোলনের মাধ্যমে এবং সাধারণ জনগণের সমর্থনে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। পূর্ববর্তী শাসকগোষ্ঠীর অপশাসন, রাজপথে বিক্ষোভের সময় মানুষ হত্যা এবং প্রতিষ্ঠানগুলোর ধ্বংসের কারণে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়। তিনি বলেন, “আমাকে এই সরকারের প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়। আমার বন্ধু আনোয়ার ইব্রাহিম আমাদের সমর্থন দিয়েছেন। যখন আমরা সমর্থন প্রত্যাশা করছিলাম, তখন তার সমর্থন পাওয়া চমৎকার অনুভূতি।”
আরও পড়ুন: তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা
ড. ইউনূস রোহিঙ্গা সংকটের বিষয়ে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন। তিনি বলেন, “রোহিঙ্গা আমাদের জন্য একটি বড় সমস্যা। এর সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাই। তারা বর্তমানে আসিয়ানের চেয়ার। আমাদের যত সহায়তা প্রয়োজন, তা চাই।” তিনি মালয়েশিয়াকে বাংলাদেশের একটি ভাল বন্ধু হিসেবে উল্লেখ করে তাদের বিনিয়োগের আহ্বান জানান।
বৈঠকের আগে সকাল ১০টায় পুত্রাজয়ায় মালয়েশিয়ার প্রশাসনিক ভবনে ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































