জশনে জুলুসে পদদলিত হয়ে চট্টগ্রামে ২ জন নিহত-newsedge4

চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, এবং তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায়। জানা গেছে, শোভাযাত্রার সময় প্রচণ্ড গরমে মাথা ঘুরে কয়েকজন মাটিতে পড়ে যান। এ সময় ভিড়ের মধ্যে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত দুজন হলেন: আইয়ুব আলী (৬০), চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা এবং সাইফুল ইসলাম (১৪), নগরীর কালামিয়া বাজার এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, “আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।”

আরও পড়ুন: মহানবী(সা.)-এর জীবনাদর্শ, শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে শনিবার সকালে চট্টগ্রামে জশনে জুলুস শুরু হয়। ষোলশহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে এই ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ।

শোভাযাত্রাটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, এবং জিইসি মোড় ঘুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে পৌঁছে। সেখানে মাহফিল ও জোহরের নামাজের মধ্য দিয়ে শোভাযাত্রাটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *