জাতীয় নিরাপত্তার স্বার্থে জনগণ ঐক্যবদ্ধ-মির্জাফখরুল ইসলাম আলমগীর-newsedge4

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টদের দোসররা নানা ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে। এ ধরনের অপকর্ম ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় দেশের আপামর মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনও দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি দেশে সংঘটিত কয়েকটি অগ্নিকাণ্ড এবং আজ বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাঁথা। জনগণ বিশ্বাস করে, এসব ঘটনা পূর্ব-পরিকল্পিত।”

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, “গত ৫ আগস্ট ২০২৪-এ হাজারো শহিদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে গণঅভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করতে স্বৈরাচারের অংশীদাররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে দেশকে আর নৈরাজ্যের অন্ধকারে নিক্ষেপ করা যাবে না।”

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড

তিনি অবিলম্বে অগ্নিনির্বাপক ব্যবস্থা গ্রহণ এবং বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, “প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আহতদের আশু সুস্থতা কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *