সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান-newsedge4

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (২৬ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের তিনি জানান, নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। এছাড়া, নিহতের পরিবারে কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

ঘটনাটি ঘটে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, এক পথচারী হাঁটার সময় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকেল ৩টা থেকে আগারগাঁও থেকে উত্তরা অংশে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়, কিন্তু আগারগাঁও থেকে মতিঝিল রুটে সেবা এখনো বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বরও একইভাবে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। মেট্রোরেলের উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের তৈরি এই বিয়ারিং প্যাডগুলো স্থাপন করা থাকে, যা কাঠামোগত নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: মেট্রোরেল সেবা আংশিক চালু

ঘটনার পর বিকেল ৩টায় জাপান ও বাংলাদেশের প্রকৌশলীরা ক্রেনের সাহায্যে মেরামত কাজ শুরু করেছেন। ডিএমটিসিএল জানিয়েছে, মেরামত সম্পন্ন হলে আগারগাঁও থেকে মতিঝিল রুটেও সেবা পুনরায় চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *