নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত দলগুলোর জন্য নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল। এতে আরও বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।’
আরও পড়ুন: ‘শাপলা’ প্রতীক বরাদ্দ সম্ভব নয়: ইসি আনোয়ারুল
দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত কিছুদিন ধরে শাপলা চেয়ে আসছিল। তবে আইনগত জটিলতার কারণে তা দিতে পারছিল না ইসি। এ নিয়ে এনসিপি নেতারা ক্ষোভও প্রকাশ করেছেন।
ইসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত এনসিপি’র জন্যই তারা নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































