প্রধান নির্বাচন কমিশনার-সিইসি-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কেউ যদি ভোট প্রতিহত করতে চায়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

সিইসি জানান, নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষের দিকে। ভোটের মাঠে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ‘সন্তোষজনক নয়’ বলে স্বীকার করলেও তিনি আশা প্রকাশ করেন, ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে। প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।

বিজিবির মহড়া প্রসঙ্গে সিইসি বলেন, “আজকে যে মহড়া দেখলাম, তা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি ও সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত।”

তিনি আরও বলেন, “৪-৫ বছর পরপর নির্বাচন আসে বলে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। পুলিশ ১৩০টি কেন্দ্রে, আনসার-ভিডিপি ও বিজিবি—সবাই প্রশিক্ষণ নিচ্ছে। এই প্রশিক্ষণ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিজিবি জানিয়েছে, আসন্ন নির্বাচনে সারাদেশে ১,২১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া বাদে সব উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ১১৫ উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে।

আরও পড়ুন: তদন্তে বাধা দিলে নাম প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *