আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন।
রিটে যা চাওয়া হয়েছে
- নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা
- ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা
- রুল জারি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত
রিটে বলা হয়েছে, “সংবিধানের ১১৮ ও ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। বিচার বিভাগের মতোই এর নিজস্ব স্বাধীন লোকবল থাকা বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দিয়ে ইসি সচিবালয়, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করানো হচ্ছে—যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও নির্বাচন কমিশনের স্বাধীনতার পরিপন্থী।”
আরও পড়ুন: কমিশন চাইলে তারেক রহমান ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন: ইসি সচিব
রিটে আরও বলা হয়, সংবিধানের ১২৬ অনুচ্ছেদে বলা আছে—নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, কিন্তু নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগের হাতে তুলে দেওয়া সংবিধান লঙ্ঘন।
রিটটি বৃহস্পতিবার হাইকোর্টের কোনো বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































