গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা নিয়ে স্বস্তির খবর দিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি জানান, মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো—কিডনি, হার্ট ও শ্বাসপ্রশ্বাস—এখনো নিয়ন্ত্রণযোগ্য।
সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে ব্রিফিংয়ে ডা. সায়েদুর রহমান বলেন, “ওনার গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া বাকি অর্গানগুলো—কিডনি, হার্ট এবং রেসপিরেশন—এই তিন ক্ষেত্রে এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য বলা যেতে পারে। বিভিন্ন ওষুধ ও অক্সিজেনের মাধ্যমে এগুলোকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল টেলিকনফারেন্সে যোগাযোগ করেছে। আমরা শুধু তার জন্য দোয়া চাইব। যদি আল্লাহ রহম করেন, তাহলে হয়তো হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন।”
আরও পড়ুন: সিঙ্গাপুরের পথে ওসমান হাদি
এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসক দলসহ সব প্রস্তুতি সম্পন্ন করে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়েছে। চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হচ্ছে।
গত শুক্রবার বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তিনি এখন সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































