বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার বেলা সোয়া ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটার নিবন্ধনের আবেদন করেন তিনি। এ সময় তার আঙুলের ছাপ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়।
বেলা ১২টা ৫৮ মিনিটে নির্বাচন ভবনে পৌঁছান তারেক রহমান। নিবন্ধন কার্যক্রম শেষে বেলা ১টা ১৯ মিনিটে তিনি আগারগাঁও ত্যাগ করেন। এরপর বনানীতে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের উদ্দেশে রওনা দেন।
নির্বাচন ভবনে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক নেতাকর্মী আশপাশে অবস্থান নেন। তাকে দেখে নানা স্লোগান দিতে থাকেন তারা। পাশাপাশি হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা।
আরও পড়ুন: নির্বাচন কমিশনে তারেক রহমান
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক। ২০০৮ সালের ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর হওয়ায় আজই নিবন্ধন সম্পন্ন করলেন তিনি।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































