বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। এ উপলক্ষে কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। কার্যালয়ের সামনে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম শুরু হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত রয়েছেন।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “আশা করি দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনে যাবেন।”
আরও পড়ুন: গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের লন্ডন নির্বাসন শেষে গত সপ্তাহে দেশে ফিরেছেন তারেক রহমান। তার দেশ প্রত্যাবর্তনের পর এটি হবে তার প্রথম নয়াপল্টন কার্যালয়ে সশরীরে উপস্থিতি।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































