বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী সরকার গঠিত হলে আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এ দুটি বিষয় ঠিক করতে পারলে অনেক সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে আসবে।
শনিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা’র বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। তার সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমান বলেন, “আমাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে—আইনশৃঙ্খলা। অর্থাৎ মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন, যেন সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারি, এটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক, এটাকে অ্যাড্রেস করতে হবে।”
তিনি আরও বলেন, “বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার প্ল্যান।”
ফ্যামিলি কার্ড ও সামাজিক সুরক্ষা
ফ্যামিলি কার্ড কারা পাবে, স্বামীহারা নারীরা কি পাবেন—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “সিংগেল মাদার, ব্রাইড, যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, স্বামী ছেড়ে গেছেন—দেখুন, আমার ধারণা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশাল সেফটির আওতায় ১৩৮টি প্রজেক্ট চালু হয়েছে। কিন্তু এগুলো ঠিক নাই। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে। একজন তিনটা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটা পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমরা এটাকে ইউনিভার্সালির জন্য রেখেছি।”
আরও পড়ুন: দেশের মূল সমস্যাগুলো সমাধানে নির্বাচিত সরকার প্রয়োজন: তারেক রহমান
তিনি উদাহরণ দিয়ে বলেন, “যেমন একজন কৃষকের স্ত্রীও পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রীও পাবেন, আরেকজন অফিসিয়াল তার ওয়াইফও পাবেন।”
তারেক রহমানের এই আলাপচারিতা অনুষ্ঠানে বিজয়ীরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন এবং তিনি খোলামেলা জবাব দেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































