ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের এক মাসের মধ্যে প্রথম অধিবেশন আহ্বানের সাংবিধানিক বিধান অনুসারে চলতি ফেব্রুয়ারি মাসেই সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি), যা ঈদুল ফিতরের আগেই—অর্থাৎ চলতি রমজান মাসের মধ্যেই—সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে।
আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। গত ১৩ ফেব্রুয়ারি ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে আগামী ১৩ মার্চের মধ্যে অধিবেশন বসার কথা। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম অধিবেশন আহ্বান করতে পারেন। সংসদ সচিবালয় এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসের মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই তফসিল ঘোষণা করা হতে পারে। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই।”
সংরক্ষিত আসন বণ্টন
সাধারণ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়েছে। সংরক্ষিত নারী আসনের বণ্টন সূত্র অনুসারে (আসন সংখ্যা × ৫০ ÷ ৩০০), বিএনপি পাবে প্রায় ৩৪.৮৩, অর্থাৎ ৩৫টি আসন। জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে পাবে প্রায় ১১.৩৩, অর্থাৎ ১১টি আসন। এনসিপি ৬টি আসন পেয়ে ১টি আসন পাবে। অন্যান্য ছোট দলগুলো এককভাবে কোনো আসন না পেলেও জোটবদ্ধ হলে ১টি আসন পেতে পারে। স্বতন্ত্ররা পাবে ১টি আসন।
সংরক্ষিত আসন নির্বাচন প্রক্রিয়া
সংবিধান ও সংরক্ষিত নারী আসন আইন-২০০৪ অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের দল বা জোটওয়ারী তালিকা প্রস্তুত করবে এবং প্রকাশ্যে টাঙিয়ে দেবে। তালিকা প্রকাশের পরের কার্যদিবস থেকে আর কোনো পরিবর্তন করা যাবে না (করণিক ভুল ছাড়া)।
ভোটার হবেন শপথ নেওয়া সংসদ সদস্যরা। দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হয় না। একাধিক প্রার্থী হলে সংসদ ভবনে ভোটগ্রহণ হয়। তবে এর নজির এখনো নেই।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































