প্রধানমন্ত্রী তারেক রহমান-Tarique Rahman-newsedge4

পবিত্র রমজান মাসে কোনো অশুভ বা অসৎ পন্থা অবলম্বন না করে নৈতিকতা ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে যাকাত ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, কার্যকর ও লক্ষ্যভিত্তিক করে দারিদ্র্য বিমোচনে সরকারের নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন তিনি। বৈশ্বিক অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে সরকারি ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবারের রমজানে রাষ্ট্রীয় ইফতার মাহফিল সীমিত রাখার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম, আলেম-ওলামা ও মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এটি ছিল তার প্রধানমন্ত্রিত্বকালে দ্বিতীয় রাষ্ট্রীয় ইফতার অনুষ্ঠান। গতকাল শুক্রবার (৬ মার্চ) তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে একটি ইফতার আয়োজন করেন। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের ইফতারই শেষ রাষ্ট্রীয় ইফতার হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, দানশীলতা ও নৈতিকতার মাস। এ সময় ব্যবসায়ীদের উচিত ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা না করা। তিনি ব্যবসায়ী সমাজকে সততার পথে থেকে সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের আহ্বান জানান।

দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যাকাতের ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, সুশৃঙ্খল যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা সম্ভব। সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার পরিকল্পনা নিয়েছে। প্রতি বছর পর্যায়ক্রমে অন্তত ৫ লাখ পরিবারকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে যাকাত প্রদানের চিন্তা চলছে। এছাড়া যাকাত বোর্ডকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠন করে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকসহ বিশিষ্ট আলেম-ওলামা ও এতিম শিশুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *