যানজট নিরসনের লক্ষ্যে একটি পরীক্ষামূলক ‘ব্লেন্ডেড’ শিক্ষা মডেল চালু করতে যাচ্ছে সরকার। মহানগর ও সিটি করপোরেশনের নির্বাচিত স্কুলগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহ থেকে এই পরিকল্পনা কার্যকর করা হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, “শিক্ষার্থীরা শনি, সোম ও বুধবার সরাসরি ক্লাসে উপস্থিত থাকবে। এ ছাড়া রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।”
মন্ত্রী আরও বলেন, “অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের প্রতিদিনই স্কুলে উপস্থিত থাকতে হবে।” এই উদ্যোগটি প্রাথমিকভাবে মহানগর এলাকার নির্বাচিত নামী ও জনাকীর্ণ স্কুলগুলোতে প্রয়োগ করা হবে, বিশেষ করে যেসব স্কুলে অনেক শিক্ষার্থী গাড়িতে যাতায়াত করে এবং যানজট দেখা দেয়।
আরও পড়ুন: জ্বালানি তেলের মুল্যবৃদ্ধি প্রসঙ্গে সংসদে যা জানালেন জ্বালানিমন্ত্রী
শিক্ষামন্ত্রী জানান, এই মডেলের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত কমিয়ে যানজট নিরসন করা হবে। একইসঙ্গে শিক্ষার মান বজায় রাখা এবং ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণও এর অন্যতম লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত স্কুলে এটি চালু করে পরবর্তীতে ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































