ঢাকা-সিলেট মহাসড়কসহ এ অঞ্চলের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে। আজ শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “সুরমা নদীর পাড়ে আজ যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, এটি বাস্তবায়িত হলে সিলেটে আর জলাবদ্ধতা থাকবে না। নগরবাসীকে বন্যা ও জলজট থেকে মুক্তি দিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, সিলেটের কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি চলছে এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে সরকার কাজ করছে।
সড়ক যোগাযোগের পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন করা হবে। এতে যানজট কমবে এবং খরচও কমবে।”
আরও পড়ুন: সিলেটে পৌঁছে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন: প্রধানমন্ত্রী
তারেক রহমান জানান, শিগগিরই সিলেট মেডিকেল কলেজে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে এবং পর্যায়ক্রমে তা ১২শ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি দেশজুড়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সরকার সিলেটের মাটি থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ চালু করছে। সারাদেশে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু এতে অংশ নেবে। এর মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধিকারী ক্রীড়াবিদ বেরিয়ে আসবে।
প্রধানমন্ত্রী বলেন, “আড়াই মাসের শিশু হাঁটতে পারে না, তবুও সরকারের আড়াই মাসে দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। পরিশ্রম করলে দেশ গড়ে তোলা সম্ভব।”



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































