নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-newsedge24

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। প্রথম দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। পরের দিন অর্থাৎ ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা পরিদর্শন করতে পারবেন।

আরও পড়ুন: ৫ আগস্ট সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের নানা নিদর্শন সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। এখানে স্থান পেয়েছে আন্দোলনের আলোকচিত্র, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্মারক এবং গত ১৭ বছরের শাসনামলের সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *