ঢাকার আগারগাঁওয়ে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে দুই দিনের সোলার এক্সপো। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’—এই প্রতিপাদ্যে চলছে প্রদর্শনী।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজেই স্টলগুলো ঘুরে দেখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রথমবারের মতো বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ আয়োজন করেছে। নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, ব্যাংক, প্রযুক্তি সরবরাহকারী ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
প্রদর্শনীতে দেখানো হচ্ছে আধুনিক সোলার প্রযুক্তি, সরকারি প্রণোদনা, কর-শুল্ক ছাড়, সবুজ অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচ ব্যবস্থা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা ও সৌরবিদ্যুতের প্রসারই মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা বলছেন, ছাদে সৌর প্যানেল বসিয়ে গৃহস্থ ও ব্যবসায়ীরা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করে আয় বাড়াতে পারবেন। প্রদর্শনী আজ ও আগামীকাল চলবে।


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































