যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ট্রাফিকের দায়িত্বে ৭০০ ছাত্রকে নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেয়া হবে।
১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন তিনি একথা জানান।
রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেররও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেয়া হয় বলেও জানান উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, বেকারত্ব একটা বড় চ্যালেঞ্জ। আমি নিজেও বেকার ছিলাম। বর্তমান দায়িত্ব শেষে আবার বেকার হয়ে যাব।
তিনি বলেন, বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যুব উন্নয়ন অধিদফতর কাজ করে থাকে। আমরা ট্রেনিং দিয়ে থাকি। আমাদের অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম আসছে। ট্রেনিংটা কর্মমুখী হতে হবে।
দেশের ৫ লাখ বেকার যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, দেশে বর্তমানে এক কোটি ৮০ লাখ বেকার যুবক রয়েছে। এরমধ্যে গ্রাজুয়েট বেকার যুবকের সংখ্যা ২৬ লাখ।
যুব দিবস উপলক্ষে দেশের ৬৪ জেলার ৬৪টি খাল পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। ঢাকা জেলার রামপুরা-জিরানী খাল পরিষ্কার করা হবে বলেও জানান উপদেষ্টা।
আরও পড়ুনঃ “বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই”






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































