যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যে নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, চলন্ত একটি গাড়ি ভিড়ের মধ্যে উঠে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই বোরবন স্ট্রিট অসংখ্য বার ও ক্লাবের জন্য পরিচিত। ধারণা করা হচ্ছে নববর্ষ উদযাপনকারীদের ভিড়ে পরিপূর্ণ ছিল এলাকাটি।

এক বিবৃতিতে নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি বলেন, শহরের অষ্টম জেলার খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মাঝে গাড়িচাপায় ব্যাপক হতাহতের ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ঢুকে পড়ে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।

অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সেখানে আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *