পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোন দল নির্বাচন করবে না করবে, তা নির্বাচন কমিশন বলতে পারে। সরকার আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত তো নেয়নি। সরকারের অবস্থান হচ্ছে শেখ হাসিনার উপস্থিতিতে বিচার করা।

বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এ সময় সাধারণ কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্য দাম স্বাভাবিক রাখাও সরকারের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘কেবিনেটে বিশেষজ্ঞরা দেখিয়েছেন কীভাবে আগুন লাগে। ৭ নম্বর ভবনে আগুনের বিষয়ে সব নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হয়েছে।’

তদন্ত কমিটির অগ্নিকাণ্ডের প্রতিবেদনে সরকার সন্তুষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘উদ্বেগের বিষয় ছিল, কারণ এখানে আমরাই অফিস করি। কিন্তু যেভাবে তদন্ত হয়েছে তাতে ভরসা না করার কারণ নাই।’

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘যেকোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেয়া হোক। সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐক্যমত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *