রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন আজ বুধবার বাসসকে জানান, ২০১৭ সালে এইচএমপিভি প্রথম শনাক্ত হয় বাংলাদেশে। এরপর কমবেশি প্রতিবছরই শনাক্ত হয়ে আসছে। এ পর্যন্ত অনেকের শরীরে ভাইরাসটি শনাক্ত হলেও জটিলতার ইতিহাস নেই। এ কারণে এইচএমপিভি ভাইরাস নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।

তিনি বলেন, ভাইরাসটি তেমন ক্ষতিকারক নয়। এর লক্ষণ সাধারণ নিউমোনিয়ার মতো; জ্বর-সর্দি-কাশি হয়। শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। মৃত্যুর আশঙ্কা কম। মৃত্যু হার নেই বললেই চলে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

প্রসঙ্গত, সম্প্রতি চীন-জাপানে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যে কারণে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। তাই বিষয়টি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগও নজরদারিতে রেখেছে। তবে ভারতের শনাক্ত হওয়া এইচএমপি ভাইরাসের সঙ্গে চীনে মিউটেশন হওয়া এইচএমপি ভাইরাসের কোনো যোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *